রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিংয়ে নব্য জেএমবির বিরুদ্ধে পুলিশি অভিযানের ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র শিগগিরি আদালতে দেয়া হবে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
তিনি আরো জানিয়েছেন, অভিযানে নিহত জঙ্গিদের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেছে।
মামলায় গ্রেপ্তার পাঁচ জনের তিন জন আদালতে জবানবন্দিও দিয়েছে বলে জানিয়ে তিনি বলেন, মামলার এজাহার ভুক্ত বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ আসামি বিভিন্ন অভিযানে নিহত হয়েছেন।
প্রসঙ্গত: ২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান হামলার ২৫ দিন পর কল্যাণপুরে জাহাজ বিল্ডিংয়ে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। সারারাত গুলি বিনিময়ের পর ভোর ৫টা একান্ন মিনিট থেকে ভোর ৬টা একান্ন মিনিট পর্যন্ত অপারেশন স্টর্ম ২৬ চালায় পুলিশ। এতে নিহত হন ৯ জঙ্গি। ওই রাতেই আহত অবস্থায় গ্রেপ্তার করা হয় একজনকে।
এক বছর পর মনিরুল ইসলাম বলেন, এ মামলার তদন্ত শেষের পথে, অভিযোগপত্র দিতে খুব বেশি সময় লাগবে না। আর মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
জঙ্গি নিধনে সাফল্যের শুরুটা হয়েছিলো কল্যাণপুর থেকে এখান থেকেই মূলত ঘুরে দাঁড়ায় আইন-শৃঙ্খলাবাহিনী দাবি তার।
এ জঙ্গিরা ঢাকায় একসঙ্গে তিন চারটি স্থানে হামলার পরিকল্পনা করছিল, হলি আর্টিজান হামলার পর জঙ্গিরা ভেবেছিল আইন-শৃঙ্খলাবাহিনী পেরে উঠবে না মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, কল্যাণপুরের ঘটনায় ৯ জনকে আসামি করা হয়েছিলো। তাদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিলো।
এক প্রশ্নের জাবাবে তিনি বলেন, সম্প্রতি গ্রেপ্তার হওয়া জঙ্গি নেতা সোহেল মাহফুজ হলি আর্টিজান ঘটনায় জড়িত থাকার ব্যাপারে আদালতে স্বীকারোক্তি দিয়েছে। তাকে কল্যাণপুরের ঘটনায়ও রিমান্ডে নেয়া হবে। কল্যানপুর থেকে পাওয়া তথ্য ধরেই পরবর্তীতে বেশ কিছু সফল অভিযান চালায় পুলিশ।