ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ জালাল উদ্দিন (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাতে আখাউড়া থানার পুলিশ জানায়, জালাল উদ্দিনের বিরুদ্ধে মাদক ও চুরির ঘটনায় পাঁচটি মামলা রয়েছে। তিনি কিছুদিন ধরে এলাকা ছেড়ে পালিয়ে ছিলেন। গতকাল সকালে এলাকার লোকজন তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। সন্ধ্যা পর্যন্ত তাকে আখাউড়া থানায় পুলিশি হেফাজতে রাখা হয়।
শনিবার সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশার হোসেন তরফদার ও উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, হেফাজতে থাকাকালে জিজ্ঞাসাবাদে জালাল কিছু তথ্য দেন। পরে তাকে নিয়ে রাতে অস্ত্র উদ্ধারের অভিযানে বের হয় পুলিশ। নূরপুর এলাকায় পৌঁছালে জালালের সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে জালাল গুলিবিদ্ধ হন।
আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, সহযোগীদের গুলিতে জালাল নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।