সিরাজগঞ্জে সাথী খাতুন (১৮) নামে এক কলেজ ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ
রোববার রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জগতগাঁতী গ্রামের একটি বাঁশঝাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়।
সাথী জগতগাঁতী গ্রামের সাইদুর রহমান বাদলের মেয়ে। তিনি শিয়ালকোল আব্দুল্লাহ আলমাহমুদ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম স্বজনদের উদ্ধৃতি দিয়ে সোমবার সকাল জানান, রোববার বিকেলে সাথীকে বাড়িতে একা রেখে তার বাবা- মা পার্শ্ববর্তী ধুকুরিয়া গ্রামে তাদের এক আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যান। রাতে বাড়ি ফিরে দেখেন সাথী কোথাও নেই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে বেশ খানিকাটা দূরে একটি বাঁশঝাড়ের ভেতর তার গলাকাটা মরদেহ পড়ে রয়েছে।
পরে খবর দেয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করেছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে কি-না, সুরতহালে তার প্রাথমিক পরীক্ষা চলছে। সুরতহাল শেষে মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হবে, হত্যার রহস্য এখনও জানা যায়নি।
শিয়ালকোল আব্দুল্লাহ আলমাহমুদ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদ রানা ওয়াসিম জানান, মেয়েটি তার প্রতিষ্ঠান থেকে চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছে। মেয়েটি শান্ত প্রকৃতির ছিল।