রাজধানীর পান্থপথে একটি আবাসিক হোটেলে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াট সদস্যদের অভিযানে সাইফুল ইসলাম নামে সন্দেহভাজন একজন জঙ্গি নিহত হয়েছে।
জঙ্গি অবস্থানের খবর পেয়ে মঙ্গলবার ভোরে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের পাশে হোটেল ওলিও ইন্টারন্যাশনালের ভবন ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় এলাকার প্রতিটি গলি ও বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নেয় পুলিশ ও সোয়াট সদস্যরা। বন্ধ করে দেয়া হয় আশপাশের রাস্তার যান চলাচল। ভবনটি ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি ভবন থেকে মাত্র ৩০০ মিটার দূরে অবস্থিত।
কয়েক ঘণ্টা ঘিরে রাখার পর সকাল পৌনে ১০টার দিকে হোটেলটির চতুর্থতলা থেকে বিকট বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। এতে রাস্তার দিকের অংশের দেয়াল ও গ্রিল ধসে পড়ে। এ সময় ইটরের টুকরো ছিটকে এক পথচারী আহত হন।
ট্রলি বোমার বিস্ফোরণ ঘটিয়ে সাইফুল ইসলাম নামের এক জঙ্গি নিহত হয়। বিস্ফোরণের পর তল্লাশি চালিয়ে ভবনটিতে সন্দেহজনক কিছু পাওয়া না যাওয়ায় সমাপ্ত ঘোষণা করা হয় ‘অপারেশন আগস্ট বাইট’।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক সাংবাদিকদের বলেন, জঙ্গি সাইফুলকে বারবার আত্মসমর্পণের কথা বলা হলেও সে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। গোয়েন্দা পুলিশের তৎপরতায় তার অবস্থান নিশ্চিত হওয়া যায়। নিহত জঙ্গির ধানমন্ডির ৩২ নম্বর ঘিরে নাশকতার পরিকল্পনা ছিল বলেও জানান আইজিপি।
পরে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, সাইফুল ইসলাম শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। গত ৭ আগস্ট চাকরির কথা বলে তিনি বাড়ি থেকে বের হন।