চাঁপাইনবাবগঞ্জ সদরে অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরকসহ তিন জঙ্গিকে আটক করেছে র্যা ব।
চাঁপাইনবাবগঞ্জে র্যা ব-৫ এর কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আবদুল্লাহ আল মুরাদ বলেন, রোববার ভোরে সদর উপজেলার বাবলাবোনা এলাকায় একটি আমবাগানে এ অভিযান চালিযে তাদের আটক করা হয়।
তারা হলো; জেলার শিবগঞ্জ উপজেলার ধোবড়া গ্রামের মো. এনামুল হকের ছেলে মো. জেনারুল ইসলাম ওরফে মঈন (২৫), একই এলাকার মো. জিল্লুর রহমানের ছেলে মো. রসুল বক্স (৫০) ও শিবনগর মোড়লপাড়া গ্রামের মৃত মছুর উদ্দিন মো. ইসলাম (৭০)।
র্যা ব কর্মকর্তা মুরাদ বলেন, আটক জঙ্গিরা জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের সদস্য।
তিনি জানান, বাবলাবোনা এলাকার একটি আম বাগানে আট থেকে ১০ জন জেএমবি সদস্য গোপন বৈঠক করছে সংবাদ পেয়ে ভোর ৪টার দিকে র্যা বের একটি দল সেখানে অভিযান চালায়। অন্যরা পালিয়ে গেলেও নব্য জেএমবির তামিম-সারোয়র গ্রুপের এহসার ও গায়েরে এহসার সদস্য এই তিনজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, ১১শ গ্রাম গান পাউডার ও তিনটি জেহাদি বই উদ্ধার করা হয় বলেও জানান মুরাদ।