বিজ্ঞান ও মুক্তমনা ব্লগার লেখক অভিজিৎ রায় হত্যার ঘটনায় অংশ নেয়া পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
তার নাম আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব, ওরফে সাজিদ, ওরফে শাহাদ (৩৪) সে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য।
সিটিটিসির এডিসি জাহিদুল ইসলাম বলেন, গতকাল রাতে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় হত্যা করা হয় অভিজিৎকে। ঘটনাস্থলে উপস্থিত ছিল আবু সিদ্দিক সোহেল। সেসময় সিসিটিভি ফুটেজ দেখে যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছিল সে তাদের মধ্যে একজন, তাকে আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ করার জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব ওরফে সাজিদ অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ নেতা ও সামরিক কমান্ডার মেজর জিয়ার নির্দেশে সে অভিজিৎ হত্যায় অংশ নেয় বলে জানিয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা উপলক্ষে স্ত্রীকে নিয়ে দেশে আসেন যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ রায়। ওইদিন রাতে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টিএসসির সামনে অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর হামলা হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অভিজিৎ। গুরুতর আহত হন বন্যা। এ ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।