পাঁচ লাখ টাকা যৌতুক দিতে না পারায় নড়াইলের নড়াগাতি থানার মোহাম্মদপুর ডুমুরিয়া গ্রামে তাসলিমা নাসরিন নামে এক গৃহবধূকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা বাড়ি থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাসলিমা বাদী হয়ে স্বামী শেখ হাদিউজ্জামানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কিন্তু একমাস পেরিয়ে গেলেও কোনো আসামিকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে, মামলা তুলে নিতে আসামিপক্ষকে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
নড়াইলের নড়াগাতি থানার মোহাম্মদপুর ডুমুরিয়া গ্রামের তাসলিমা নাসরিনের সঙ্গে একই গ্রামের শেখ হাদিউজ্জামানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির মানুষ বিভিন্ন সময় তাসলিমার কাছে যৌতুক দাবি করে। দুই লাখ টাকা দেয়া হয়েছে এরইমধ্য। সম্প্রতি বিদেশ যাবার কথা বলে তাসলিমার কাছে আবার পাঁচ লাখ টাকা দাবি করে হাদিউদজ্জামান ও তার পরিবারের লোকেরা। টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর তাসলিমার বাবার বাড়িতে গিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা তাকে মারধর করে হত্যার হুমকি দেয়।
এঘটনায় ১২ অক্টোবর স্বামী হাদিউজ্জামানসহ পাঁচ জনকে আসামি করে নারী নির্যাতনের মামলা দায়ের করেন তাসলিমা। কিন্তু এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো কোনো আসামিকে আটক করেনি পুলিশ।
তার ওপর প্রতিনিয়তই আসামিপক্ষ মামলা তুলে নিতে ভয়-ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
তবে, নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে হাদিউজ্জামানের ভাই হাফিজুর শেখ।
এদিকে, নড়াইলের নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি রজব আলী বলেন, আসামিকে বাড়িতে পাওয়া যায়নি বলেই গ্রেপ্তার করা যায়নি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
যৌতুকের দাবি ও না পেয়ে নির্যাতনের ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।