সাড়ে আট কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে অ্যালায়েন্স সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান পঙ্কজ রায়কে গ্রেপ্তার করেছে দুদক।
সোমবার সকালে ঢাকার ধানমন্ডির ১৩ নম্বর রোডে পঙ্কজ রায়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দুদকের একটি দল।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, আজই-সোমবার তাকে আদালতে হাজির করা হবে।
দুদকের উপ সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস সম্প্রতি পঙ্কজ রায়ের বিরুদ্ধে পল্টন থানায় এ মামলা দায়ের করেন। সেখানে সাড়ে আট কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
দুদক কর্মকর্তারা জানান, এলায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যানের বিরুদ্ধে হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগেও মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার রাত থেকে ধানমন্ডির ১৩ নম্বর সড়কে তার বাড়ি ঘিরে রাখা হয়। বাড়ির ভেতরে ঢুকতে বাধা দেয়া হচ্ছিল। দুদকের উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌসের নেতৃত্বে একটি দল আজ সকালে তাকে গ্রেপ্তার করে।
চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের স্ত্রীসহ নিকট আত্মীয়দের বেআইনিভাবে ঋণ দেয়ায় অ্যালায়েন্স সিকিউরিটিজকে চলতি বছরের শুরুতে ৫০ লাখ টাকা জরিমানাও করেছিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।