যশোরের উপশহরে দুর্বৃত্তদের ছোঁড়া বোমা ও গুলিতে গোলাম কুদ্দুস ভিকু নামের এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক গোলাম কুদ্দুস ভিকু শনিবার রাত পৌনে ১০টার দিকে বি ব্লক বাজার থেকে হেঁটে সি ব্লকে নিজের বাড়িতে যাচ্ছিলেন। তিনি বাসার সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোঁড়ে। একটি গুলি তার মাথায় লাগে। এসময় দুর্বত্তরা তার ওপর আরো দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভিকুকে হত্যার কারণ এখনো জানা যায়নি— হত্যাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, হত্যাকাণ্ডের কারণ ও খুনিদের এখনও শনাক্ত করা যায়নি। তবে পুলিশ অভিযান শুরু করেছে।
এদিকে, যশোরের বেনাপোল সীমান্তে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে বিজিবির ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বিজিবির এক সদস্য আহত হয়েছেন।
নিয়মিত টহলের অংশ হিসেবে শনিবার রাত ৩টার দিকে বিজিবির একটি টহল দল বেনাপোল সীমান্তের ডাক্তার বাড়ি পোস্ট এলাকায় যায়। সেখান থেকে একশো বোতল ফেন্সিডেলসহ মনিরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেন তারা।
মনিরুলকে নিয়ে ক্যাম্পে ফেরার পথে সাদীপুর বেলতলা এলাকায় একদল দুর্বৃত্ত পাথর, লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিজিবির ওপর হামলা চালায়। তারা আটক মনিরুলকে ছিনিয়ে নিতে চেষ্টা করে। তাদের হামলায় ৪৯ বিজিবির আইসিপির হাবিলদার ইউনুস আলী আহত হন।
আত্মরক্ষায় বিজিবি সদস্যরা ছয় রাউন্ড গুলি ছুঁড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে মনিরুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে।