অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়ায় এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা গণমাধ্যমকে জানান, গভর্নর ফজলে কবিরের এই নির্দেশ বুধবার এনআরবি কমার্শিয়াল ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, আগামী দুই বছর কোনো ধরনের ব্যাংক বা আর্থিক কোনো প্রতিষ্ঠানে যোগ দিতে পারবেন না মুজিবুর রহমান।
মুখপাত্র জানান, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর থেকেই কেন্দ্রীয় ব্যাংক তদন্ত করেছিল।
এতে দেখা গেছে, অনেক বোর্ড সভায় পরিচালকদের অনুপস্থিতি সত্ত্বেও বিধি-বহির্ভূতভাবে ঋণ অনুমোদন করা হয়েছে। সব মিলিয়ে ১০টি গুরুতর অভিযোগের বিষয়ে নিশ্চিত হওয়ার পরই কেন্দ্রীয় ব্যাংক ওই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অপসারণের এই নির্দেশ জারি করে।