নিখোঁজের দেড় মাস পর ফিরে এলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান সিজার।
শুক্রবার সকালে বনশ্রীর বাসার সামনে সাংবাদিকদের তিনি বলেন, রাজধানীর আগাঁরগায়ে একটি বৈঠক শেষে বাড়ি ফেরার পথে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। অন্ধকার একটি ঘরে ঠাণ্ডা খাবার খেয়ে ও ময়লা তোশকে ঘুমিয়ে তার দেড় মাস কেটেছে। তবে তাকে টাকার জন্য অপহরণ করা হয়েছিল।
টাকার জন্য অপহরণ করা হয়ে থাকতে পারে— জানিয়ে মোবাশ্বার বলেন, অপহরণকারীদের বিভিন্ন সময় টাকা-পয়সা নিয়ে কথা চলছিলো।
ছাড়বে না মেরে ফেলে এ বিষয়েও অপহরণকারীদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে বলেও জানান তিনি।
ফিরে আসার বর্ণনা দিতে গিয়ে মোবাশ্বার বলেন, বৃহস্পতিবার রাতে তার চোখ বেঁধে একটি গাড়িতে তুলে বিমানবন্দর সড়কের কোনো এক জায়গায় নামিয়ে দেয়া হয়। পরে অটোরিকশা করে বাসায় ফেরা হয়।
মোবাশ্বার নিখোঁজের পর তার সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর ছিলেন বলে জানালেন তার বাবা মোতাহার হোসেন।
প্রসঙ্গত, সাংবাদিক উৎপল দাসের পর এবার বাড়ি ফিরলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান সিজার। গত ৭ নভেম্বর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না মোবাশ্বারের। এর প্রায় দেড় মাস পর বৃহস্পতিবার রাতে রাজধানীর দক্ষিণ বনশ্রীতে নিজ বাসায় ফেরেন তিনি।