লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিএনপি-কর্মীদের হামলার ঘটনায় দলটির দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার লন্ডন মেট্রোপলিটন পুলিশ এ দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে।
লন্ডনের ওয়াল্ডওয়ার্থ পুলিশ স্টেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে ওই দুই বিএনপি নেতার নাম প্রকাশে অপারগতা জানিয়ে পুলিশের সূত্রটি জানিয়েছে তদন্তের স্বার্থে আর কোনো তথ্য দেয়া সম্ভব নয়।
এদিকে, হাইকমিশনের গণমাধ্যম শাখার দায়িত্বে থাকা কর্মকর্তা জানিয়েছেন হাইকমিশন সার্বক্ষণিক যোগাযোগ রাখছে পুলিশের সঙ্গে।
পুলিশ হাইকমিশনকে জানিয়েছে সব আলামত, সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ঘটনার তদন্ত করছে।
ওই ঘটনায় জড়িত সন্দেহে লন্ডন পুলিশ যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিনকে আটক করেছে।
গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের করাদণ্ড দেয় বিশেষ জজ-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান।
এ মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বাকি ৫ জনকে ১০ বছরের সাজা দিয়েছে আদালত। এছাড়াও প্রত্যেকে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করে আদালত।
ওইদিনই লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিএনপি-কর্মীদের হামলার ঘটনা ঘটে।