আশুলিয়ার টঙ্গীবাড়িতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাতির মামলায় গ্রেপ্তারকৃত এক আসামি নিহত হয়েছেন।
পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত সর্দার ছিলেন।
পুলিশ জানিয়েছে, ডাকাতি মামলায় গ্রেপ্তারকৃত রুবেল হোসেন নামে এক আসামিকে নিয়ে আশুলিয়ার টঙ্গীবাড়ি এলাকায় শুক্রবার ভোরে অভিযান চালায় তারা। টঙ্গীবাড়িতে আগে থেকে ওৎ পেতে থাকা ডাকাতরা রুবেলকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এতে পুলিশের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়। এসময় ডাকাতদের ছোঁড়া গুলিতে রুবেলের মৃত্যু হয়।
গত ১৩ ফেব্রুয়ারি চলন্ত বাসে ডাকাতি ও চালক খুনের ঘটনায় রুবেলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, নিহত রুবেল ডাকাত সর্দার ছিলেন। তার নেতৃত্বে নবীনগর-চন্দ্রা মহাসড়কে দীর্ঘদিন ধরেই ডাকাতি করে আসছিলো একটি দল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আহাদ জানান, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে জানান তিনি।