রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডের পূর্বপাশের বেরিবাঁধ এলাকায় সোমবার র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের সদস্য বাদশাহ মিয়া নামে এক যুবক নিহত হয়েছে বলে দাবি করছে র্যাব।
র্যাব-১০ এর অধিনায়ক মো. শাহাবুদ্দিন খান বলেন, রাত সাড়ে ৩টার দিকে দারুসসালাম থানার গাবতলীর বাসস্ট্যান্ডের পূর্বপাশে বেরিবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয় বেশ কয়েকজন ডাকাত। ওই সময় র্যাবের একটি দল সেখানে গেলে ডাকাতরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুড়লে বাদশাহ ও হানিফ গুলিবিদ্ধ হয়। র্যাবের উপপরিদর্শক শহিদ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদশাহকে মৃত ঘোষণা করেন। আহত হানিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি চাপাতি এবং একটি রাম দা উদ্ধার করেছে র্যাব।