দুর্নীতিবাজরা অনেক বেশি ধূর্ত ও শক্তিশালী এবং তারা অনেক প্রভাবশালীও বটে একটি সংগঠন বা প্রতিষ্ঠানের পক্ষে এদেরকে ধরা সম্ভব না—এ কথা জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ তাদের ধরতে সবার সম্মিলিত সহযোগিতা চেয়েছেন।
সোমবার সকালে দুদক প্রধান কার্যালয়ের সামনে ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন তিনি।
ইকবাল মাহমুদ বলেন, প্রতিষ্ঠানকে সবাই মিলে সাহায্য সহযোগিতা না করলে এটা অসম্ভব ব্যাপার। দুর্নীতির রাহুগ্রাস থেকে দেশকে মুক্ত করতে; দুর্নীতির লাগাম টানতে সবাই মিলে ঐক্যবদ্ধ শক্ত অবস্থান নিতে হবে।
স্বাধীনতা দিবসে সব সামাজিক, রাজনৈতিক শক্তি ও সংগঠনকে একত্রিত হয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিজ্ঞা করার আহ্বান জানান দুদক চেয়ারম্যান।
দুদকের একহাজার ৭৩ জন লোক নিয়ে একা ১৬ কোটি মানুষের দেশ থেকে দুর্নীতি প্রতিরোধ অসম্ভব— এটি কেউ যদি আশা করেন তাহলে ভুল হবে বলে মন্তব্য করেন তিনি।
আমরা উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতে যাচ্ছি— কিন্তু এই জন্য আমাদের অপেক্ষা করতে হবে। উন্নয়নকে আমাদের টেকসই করতে হবে এটাকে টেকসই করতে হলে অর্থনৈতিক দিকে যে অর্জন আমরা করেছি, সেই অর্জন যদি আমরা ধরে রাখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে বলে জানান দুদক চেয়ারম্যান।
তিনি বলেন, উন্নয়নের সাথে সাথে দুর্নীতি একই সঙ্গে যায় আমরা জানি, কিন্তু এটির লাগাম যদি টেনে না ধরতে পারি তাহলে আরও ছয় বা নয় বছর অপেক্ষা করতে হবে উন্নয়নশীল।
‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি‘ প্রতিপাদ্য নিয়ে সকালে জাতীয় ও কমিশনের পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের উদ্বোধন করেন চেয়ারম্যান ইকবাল মাহমুদ। কমিশন কার্যালয়ের মিডিয়া সেন্টারে দুর্নীতিবিরোধী ব্যাঙ্গাত্মক কার্টুন ও পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। আজ থেকে ১ এপ্রিল পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।