সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয়-ঢাবিতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে।
একপর্যায়ে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবনের ভেতরে ঢুকে নীচতলার কয়েকটি কক্ষে ভাঙচুর করে আসবাবপত্রে ও দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
বিক্ষোভকারীরা একতলার বাথরুমের কমোড, বেসিন ভেঙে ফেলে। এরপর তারা শোবার ঘরের জানালা, দরজা ও রান্নাঘরে ভাঙচুর চালান।
উপাচার্যের বাসার গ্যারেজে রাখা দুটি গাড়িও ভাঙচুর করা হয়। এ সময় তারা ভিসির বাসভবনের আসবাবপত্র বাড়ির বাইরে বের করে এনে আগুন ধরিয়ে দেন। তার বাসার বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরাও ভাঙা হয়। এছাড়া সংঘর্ষের সময় উপাচার্যের বাসভবন ও আশপাশের এলাকায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
রাতে এ হামলার ঘটনার পর উপাচার্য ড. মোহাম্মদ আখতারুজ্জামনকে ফোন করে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তার খোঁজ-খবর নেন এবং ভাঙচুরের কারণ সম্পর্কে জানতে চান।
এদিকে, আন্দোলনকারীদের একাংশ চারুকলা অনুষদ ক্যাম্পাসে ঢুকে সেখানে রাখা পহেলা বৈশাখের মঙ্গল-শোভাযাত্রার বিশালাকায় মুখোশ ও পশু-পাখির প্রতিকৃতিতে আগুন ধরিয়ে দেয়।