চট্টগ্রামে জঙ্গি সন্দেহে আন্তর্জাতিক রেডক্রসের এক কর্মীসহ সাত জনকে আটক করেছে র্যা ব।
র্যা ব-৭ এর সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান বলেন, শুক্রবার রাতে নগরীর কোতোয়ালি থানার আনন্দবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তারা হলো: মো. মহিউদ্দিন তামিম (২৯), মো. আফজার হোসেন (২১), মো. ইমরান খান (২৭), মো. দাউদ নবী পলাশ (২৮), চৌধুরী মোহাম্মদ রিদওয়ান (২৭), এসএম জাওয়াদ জাফর (২৬) ও মো. মুনতাসিরুল মেহের (২৬)।
এদের মধ্যে মুনতাসিরুল কক্সবাজারে ইন্টারন্যাশনাল কমিটি অব দি রেডক্রসের (আইসিআরসি) ফিল্ড অফিসার হিসেবে কর্মরত।
শনিবার চট্টগ্রামের পতেঙ্গায় র্যা ব-৭ কার্যালয়ে আয়োজিত একপ্রেস ব্রিফিংয়ে এএসপি মিমতানুর রহমান বলেন, আটক সাত জন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের সমর্থক।
হোয়াটস অ্যাপে তারা 'ডিন ফোর্স এক্সট্রিম' ও 'ইখোয়ান' নামে দুটি গ্রুপে সক্রিয় থেকে জিহাদি ভিডিও ও ছবি প্রচার করে নিজেদের কথিত জিহাদের জন্য প্রস্তুত করছিল।
তিনি আরো বলেন, তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালি থানায় মামলা করা হবে বলে জানান তিনি।