পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ফেইসবুক পেজ সোমবার রাতে হ্যাকড হয়েছে।
তার ফেইসবুক পেজ হ্যাকড হয় বলে জানান প্রতিমন্ত্রী নিজেই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের পাসপোর্টের ফটোকপি নিয়ে দেয়া পোস্টটিও তার পেজে আর পাওয়া যাচ্ছে না জানান প্রতিমন্ত্রী।
মঙ্গলবার সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার নিজের ফেইসবুক ওয়ালে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পোস্টে শাহরিয়ার আলম লিখেছেন, ‘আমার ফেসবুকের উপর অনেক অত্যাচার হয়েছে সারারাত— হ্যাকিং, পোস্ট উধাও বুঝতেই পারছেন এই বিনিয়োগ কারা করেছে।’
সম্প্রতি লন্ডনে এক অনুষ্ঠানে শাহরিয়ার আলম বলেন, তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন— তিনি পাসপোর্ট জমা দিয়েছেন।
এ বক্তব্যের পর গতকাল লন্ডনে পলাতক তারেক রহমান প্রতিমন্ত্রী শাহরিয়ারকে আইনি নোটিশ পাঠান।
ওই নোটিশে প্রতিমন্ত্রীর বক্তব্য মিথ্যা, বানোয়াট বলে উল্লেখ করে ১০ দিনের মধ্যে শাহরিয়ার আলম জাতির কাছে বা তার কাছে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন তারেকের আইনজীবী।
এরপর গতকাল বিকেলে ঢাকার গুলশানের বাসায় সংবাদ সম্মেলন করেন শাহরিয়ার আলম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী-কন্যা তাদের পাসপোর্ট যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমর্পণ করেছেন। সেখান থেকে ওই পাসপোর্ট লন্ডনে বাংলাদেশের দূতাবাসে পাঠানো হয়েছে। পাসপোর্টগুলো এখন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সেখানে রক্ষিত আছে।
শাহরিয়ার আলম বলেন, নোটিশ পেলে জবাবের বিষয়টি দেখা হবে।
শাহরিয়ার আলম বলেন, ২০০৮ সালে তারেক রহমান পাসপোর্টের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। তখন মেয়াদ বাড়িয়ে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়। এরপর তিনি আর মেয়াদ বাড়ানোর আবেদন করেননি। ২০১৪ সালের ২ জুন তিনি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সপরিবারে পাসপোর্ট জমা দেন। সেখান থেকে তা বাংলাদেশের হাইকমিশনে আসে।
বলেন, বিএনপির কেউ দেখতে চাইলে বা আইনগতভাবে কেউ চাইলে এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।
এ সংবাদ সম্মেলনের পরপরই তারেক রহমানের পাসপোর্ট এবং আবেদনের কপি ফেসবুকে পোস্ট করেন শাহরিয়ার আলম।
গতকাল বিভিন্ন সংবাদমাধ্যম সেগুলো নিয়ে তাদের প্রতিবেদনের সঙ্গে প্রকাশও করে। তবে এখন তার পেজে এসব আর দেখা যাচ্ছে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব ছেড়েছেন—লন্ডনে দেয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের মিথ্যা বক্তব্যের জবাব চান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে রিজভী সমালোচনা করে বলেন, তারেক রহমান যদি পাসপোর্ট জমা দিয়ে থাকেন তাহলে সেটা দেখিয়ে প্রমাণ করুন নইলে মিথ্যা ও অবান্তর কথা বলার জন্য আইনি ব্যবস্থা নেয়া হবে।
সোমবার সকালে রাজধীনীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।