বিভিন্ন ব্যাংকের কার্ড জালিয়াতিতে জড়িত চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি পাঁচটি ব্যাংকের কার্ড জালিয়াতির হোতা ওই ব্যক্তি। তার কাছে প্রায় দেড় হাজার ক্লোন করা কার্ড এবং কার্ড তৈরির সরঞ্জাম পাওয়া গেছে বলে জানান তিনি।”
গত ১০ মার্চ ক্লোন কার্ড দিয়ে ঢাকার পাঁচটি ব্যাংকের অর্ধশত গ্রাহকের প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেয় একটি চক্র।
বিভিন্ন ব্যাংকের এটিএম ও পয়েন্ট অব সেলস (পিওএস) থেকে ওই অর্থ তুলে নেওয়া হয়। পরে গ্রাহকদের অভিযোগ পেয়ে ব্যাংকগুলো নিশ্চিত হয় এবং পুলিশ তদন্ত শুরু করে।
দুই বছর আগে কার্ড ক্লোন করে এটিএম থেকে টাকা তুলে নেয়ার সময় ঢাকায় ৩ চীনা নাগরিক ও তারও আগে ইউরোপীয় এক নাগরিককে আটক করা হয়। তখন কয়েকজন ব্যাংক কর্মকর্তাও ধরা পড়েছিলেন।
বর্তমানে দেশে প্রায় ১০ লাখ ক্রেডিট কার্ড গ্রাহক রয়েছে। আর ডেবিট কার্ড রয়েছে প্রায় ৬০ লাখ। দেশের ৫৭ ব্যাংকের মধ্যে ৩৯টি ব্যাংক কার্ড সেবা দিচ্ছে।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা রয়েছে চলতি বছরের ৩০ জুনের মধ্যে সব কার্ড চিপযুক্ত করতে হবে। সব ব্যাংক এ প্রযুক্তি বাস্তবায়ন করলে কার্ড জালিয়াতি কমে আসবে।