কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হত্যা ও ছিনতাইয়ের মামলার আসামি নিহত হয়েছেন।
নিহত আলতাব হোসেন (৩৮) দৌলতপুরের বোয়ালিয়া ইউনিয়নের বিলবোয়ালিয়া গ্রামের মোশরাফ হোসেনের ছেলে।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান বলেন, রোববার রাত সাড়ে ৩টার দিকে দৌলতপুর-কাতলামারী সড়কের পিপুলবাড়িয়া কালুরমাঠ এলাকায় গোলাগুলির ঘটনায় সে মারা যান।
তিনি বলেন, ‘একদল সন্ত্রাসী’ পিপুলবাড়িয়া কালুরমাঠে অবস্থান নিয়েছে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। জবাবে পুলিশও গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়।
ওসি আরো বলেন, পরে গুলিবিদ্ধ আলতাবকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আলতাব থানার তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, মোটরসাইকেল ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।