ময়মনসিংহে গ্রেপ্তারের পর পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ পাঁচ মামলার আসামি সারফান ইসলাম ওরফে বাবু (২৮) নিহত হয়েছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান বলেন, সে নগরীর কাঁচিঝুলী মহল্লার মৃত শামসুল হকের ছেলে।
তিনি বলেন, গতকাল ২ নম্বর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সজীব আহম্মেদের নেতৃত্বে ঢাকা থেকে সারফান ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে মধ্যরাতে পলাতক আসামিদের ধরতে তিনকোনা পুকুর পাড় অনন্যা আবাসন এলাকায় পৌঁছালে পলাতক আসামি রাজিবসহ অজ্ঞাতনামা ৮/১০ জন পুলিশের ওপর আক্রমণ চালায়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে।
গোলাগুলির সময় আসামি সারফান ইসলাম বাবু কৌশলে পালানোর চেষ্টা করলে গোলাগুলির মাঝে পরে গুলিবিদ্ধ হয়। তাকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সারফান ইসলাম নগরীর চাঞ্চল্যকর পিউ বাবু হত্যা, সুন্দরী আরমান হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা এবং অস্ত্রসহ মোট পাঁচটি মামলা রয়েছে।