কুমিল্লা- চট্টগ্রাম- নীলফামারী- চুয়াডাঙ্গা- নেত্রকোনা- নারায়ণগঞ্জ- দিনাজপুর ও ব্রাহ্মণবাড়িয়া এবং ফেনীতে আইন-শৃঙ্খলা বাহিনীর চলমান মাদকবিরোধী অভিযানে সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত ‘বন্দুকযুদ্ধে’ ১১ জন নিহত হয়েছেন।
কুমিল্লা:
কুমিল্লার সদর উপজেলার ভারত সীমান্তবর্তী অরণ্যপুর গ্রামের বড় দিঘীর পাড়ে সোমবার ভোরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন।
নিহতদের নাম: পেয়ার আলী ও শরিফ। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো একজন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন জানিয়েছে, হতাহতরা সবাই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ঘটনায় এক পরিদর্শকসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন ডেবারপাড় এলাকায় সোমবার ভোরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শুক্কুর আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান সাংবাদিকদের এ কথা বলেন।
নীলফামারী:
নীলফামারীর সৈয়দপুর শহরের গোলাহাট বধ্যভূমি এলাকায় সোমবার ভোরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। নিহতদের নাম: জনি ও শাহিন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বলেন, নিহতরা মাদক কারবারি সঙ্গে জড়িত। সোমবার গভীর রাতে মাদক বিরোধী অভিযানে গিয়ে বন্দুকযুদ্ধে তারা নিহত হন। এ সময় পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার শহরের রেলস্টেশনের পেছনে সোমবার রাতে পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে কামরুজ্জামান সাধু নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, নিহত কামরুজ্জামান সাধু থানার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় ৬টি মাদক মামলা রয়েছে। একটি মামলায় তার ৩ বছরের সাজা হয়েছে।
পরে ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
নেত্রকোনা:
নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের বড়য়ারী এলাকায় সোমবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমজাদ হোসেন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের শিমুলতলী এলাকায় মঙ্গলবার ভোরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাচ্চু নামে একজন নিহত হয়েছেন।
পরে ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা ও গুলিসহ একটি অস্ত্র উদ্ধার করে পুলিশ।
দিনাজপুর:
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ভবানিপুর সীমান্ত এলাকায় মঙ্গলবার ভোরে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম: প্রবাল হোসেন।
এ ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শক ও এক সহকারী উপ-পরিদর্শক আহত হয়েছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর এলাকায় মঙ্গলবার ভোরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম: ধন মিয়া।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর এডিশনাল এসপি মহিউদ্দিন ফারুকীধন মিয়া বলেন, উপজেলার মরিচাকান্দি গ্রামের হোসেন মিয়ার ছেলে ধন মিয়া। তার বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় চারটি মাদক মামলা রয়েছে।
ফেনী:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া নামক স্থানে সোমবার রাতে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম: মঞ্জুরুল আলম মঞ্জু।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সাফায়াত জামিল ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।