সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অব্যাহত অভিযানে এ পর্যন্ত ‘বন্দুকযুদ্ধে’ দশ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলা অভিযানে কুমিল্লা, ফেনী, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মাগুরা, সাতক্ষীরা ও কক্সবাজারে এ ঘটনা ঘটেছে।
এতে আহত হন ১১ জন পুলিশ সদস্য। এছাড়া, নড়াইল, গাজীপুর ও সাভার থেকে ৩২ জন মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে
কুমিল্লা:
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার কুমিল্লার চৌদ্দগ্রামের বইদ্দর খিলের নিজ বাসা থেকে মাদক ব্যবসায়ী বাবুলকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী রাতেই তাকে নিয়ে ষোলাকান্দিতে মাকদ উদ্ধার অভিযানে যায়। সেখানে বাবুলের সঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে বাবুল ও তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন।
এছাড়াও রাতেই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গোয়াল মথন এলাকায় পুলিশের একটি দল অভিযান চালালে মাদক ব্যাবসায়ীদের সঙ্গে গোলাগুলি হয়।
এতে রাজিব নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দুই জনের বিরুদ্ধেই বিভিন্ন থানায় মাদক ও অস্ত্র আইনসহ বেশকিছু মামলা রয়েছে।
ফেনী:
ফেনীর ফুলগাজীতে বৃহস্পতিবার আনন্দপুর-জামুড়া সড়কে পুলিশ অভিযানে গেলে মাদক ব্যবসায়ীদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। এতে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়। আহত হয় আট পুলিশ সদস্য।
ঘটনাস্থল থেকে একটি এলজি, তিনটি কার্তুজ, সাতশো পিস ইয়াবা ও দেড়শো বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বুধবার পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী সেলিম ওরফে ফেন্সি সেলিম নামে একজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি স্যুইসগিয়ার, পাঁচ বোতল ফেন্সিডিল ও পাঁচশো পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহতের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টি মাদকের মামলা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বনগজ স্টিল ব্রিজের কাছে পুলিশ অভিযানে গেলে মাদক ব্যবসায়ীদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। এতে আমির খাঁ নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ছাড়াও উদ্ধার করা হয় বেশ কিছু মাদক দ্রব্য।
মাগুরা:
মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী হাউজিং এলাকায় বুধবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত দুটি দলের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দুইজনের মৃতদেহ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠায়।
আইয়ুব হোসেন ও মিজানুর রহমান কালু নামে নিহত দুই ব্যক্তিই মাদক ব্যবসায়ী। জেলার বিভিন্ন থানায় আইয়ুবের বিরুদ্ধে ১৮টি ও মিজানুরের বিরুদ্ধে ২১টি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
সাতক্ষীরা:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বৃহস্পতিবার চৌবাড়িয়া গ্রাম থেকে চোয়াল ও গলায় গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সেখান থেকে একটি দেশীয় পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী।
নড়াইল:
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নড়াইলে বিভিন্ন জায়গা থেকে নয় মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও গাঁজাসহ আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গাজীপুরের বিভিন্ন জায়গা থেকে ২৪ জন মাদকব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলাবাহিনী।
মাদক বিরোধী অভিযানে সাভার ও আশুলিয়া থেকে ১৮ জনকে মাদকদ্রব্যসহ আটক করেছে পুলিশ। তারা সবাই মাদক ব্যবসায়ী।
এর আগে গত সাতদিনে আইনশৃঙ্খলাবাহিনীর মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে আরও ৩৮ জন নিহত হয়। তারা সবাই মাদকব্যবসায়ী বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।