সারাদেশে মাদকবিরোধী অভিযানে র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যা ব) ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যশোর ও মাদারীপুরে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এদিকে, মাদকবিরোধী অভিযানে ঢাকা, নড়াইল ও চুয়াডাঙ্গা থেকে ১০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
যশোর :
যশোর-মাগুরা সড়কের বাঘারপাড়া ভাটার আমতলা গরুর হাট এলাকায় বুধবার দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে ‘গোলাগুলিতে’ অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এ সময় অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সালাউদ্দিন শিকদার বলেন, যশোর-মাগুরা সড়কের বাঘারপাড়া ভাটার আমতলা গরুর হাট এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি খবর পেয়ে পুলিশ গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় সেখানে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে ৩ কেজি গাঁজা, ২০০ পিস ইয়াবা, একটি ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড গুলি ও ২টি গুলির খোসা উদ্ধার করা হয়।
মাদারীপুর :
মাদারীপুরের শিবচর উপজেলার শম্ভুক এলাকায় বৃহস্পতিবার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাচ্চু খলিফা নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, প্রতিদিনের মতো রাতে মাদক উদ্ধারে পুলিশের একাধিক টিম টহল দিচ্ছিল। শিবচরের ‘শম্ভুক’ নদ এলাকায় পৌঁছালে মাদক ব্যবসায়ী দুই পক্ষের গোলাগুলির শব্দ শুনতে পায় পুলিশ। পুলিশ কাছাকাছি পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের গুলিতে বাচ্চু আহত হন। আহত অবস্থায় বাচ্চুকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, এ ঘটনায় পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, ৩ রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
এদিকে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নড়াইলের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২৯ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকে ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
চুয়াডাঙ্গা থেকে আটক করা হয়েছে ৩১জন মাদক ব্যবসায়ীকে। এছাড়া, রাজধানীর সবুজবাগ ও রামপুরায় মাদকবিরোধী অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ দুই এলাকা থেকে ৪৩ জনকে আটক করা হয়েছে।