কুমিল্লার দেবীদ্বার উপজেলার দেবীদ্বার-চান্দিনা সড়কের ছেচরা পুকুরিয়া রাস্তায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন সুমন নামের এক ডাকাত নিহত হয়েছেন।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, একদল ডাকাত ছেচরা পুকুরিয়া এলাকার রাস্তার মাথায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে ডাকাতদের আটকের চেষ্টা করে। এ সময় সশস্ত্র ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষায় ১৯টি শটগানের গুলি করে। উভয় পক্ষের গোলাগুলির সময় নিজেদের গুলিতেই ডাকাত সুমন গুরুতর আহত হন। পরে আহত ওই ডাকাত সদস্যকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে ঘটনাস্থল থেকে একটি কার্তুজ, একটি পাইপগান, কয়েকটি মুখোশ, ছুরি ও শাবল উদ্ধার করেছে।
এদিকে, গাইবান্ধা শহরের নতুন ব্রিজ রোডের পূর্বকোমরনই এলাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।
আহতরা হলেন : জিম মিয়া, মশিউর রহমান ও সবুজ।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, মহুরীপাড়া এলাকার ইয়াবা বিক্রেতা জিম মিয়াকে শুক্রবার আটক করে পুলিশ। তার দেয়া তথ্য অনুযায়ী ব্রিজ রোড এলাকায় মাদক উদ্ধারে গেলে সেখানে ওঁৎ পেতে থাকা মাদক বিক্রেতা পুলিশের ওপর হামলা চালালে পুলিশও গুলি ছোড়ে। এ সময় ৩ যুবক গুলিবিদ্ধ হন।
পরে পুলিশ গুলিবিদ্ধ ৩ জনকে আটক করে। গুলিবিদ্ধ তিনজনকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে ঘটনাস্থল থেকে ইয়াবা ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান এ ওসি।