টাঙ্গাইল ও চুয়াডাঙ্গায় বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন।
টাঙ্গাইল সদর উপজেলায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি সাইদুর রহমান বলেন, শুক্রবার রাতে চারাবাড়ী এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।
নিহত মান্নান টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকার বাসিন্দা। মান্নান টাঙ্গাইলের শীর্ষ ইয়াবা কারবারি বলে পুলিশের দাবি।
ওসি সাইদুর বলেন, চারাবাড়ী এলাকায় মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী মান্নান নিহত হন। মরদেহ উদ্ধার করেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি ও ২০০ ইয়াবা উদ্ধার করেছে বলে তিনি জানান।
এদিকে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সন্দেহভাজন এক মাদক বিক্রেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আলমডাঙ্গা থানার এস আই নাজিম উদ্দিন জানান, শনিবার সকাল ১০টায় সাতকপাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওল্টু হোসেন (২৬) গোবিন্দপুর স্টেশনপাড়ার মহসিন আলীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা রয়েছে বলে জানান তিনি।
এস আই নাজিম বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তার বুকের ডান পাশে ও মাথায় গুলি করা হয়েছে। অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের ১০-১২টি মামলা রয়েছে।