ময়মনসিংহ উপজেলার কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে চৈতলামারি গ্রামের শম্ভুগঞ্জ এলাকায় মঙ্গলবার পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ বাচ্চু ওরফে ভেবেল বাচ্চু নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কতিপয় মাদক বিক্রেতারা শম্ভুগঞ্জ এলাকায় মাদক ভাগাভাগি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপসহ গুলিবর্ষণ করে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয়ের মধ্যে গুলি বিনিময়ের এক পর্যায়ে আসামিরা পালিয়ে যায়।
পরে মাদক সম্রাট বাচ্চু ওরফে ভেবেল বাচ্চুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ সময় জেলা গোয়েন্দা শাখার কনস্টেবল সেলিম এবং রাশেদ আহত হয়েছেন। অভিযানে ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা ও ৪টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।