রাজশাহী ও মুন্সীগঞ্জে র্যা বের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
রাজশাহীতে র্যা বের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার রাত ১২টার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
র্যা বের দাবি, নিহত ব্যক্তি মাদক কারবারী। তার বয়স আনুমানিক ৪৫ বছর।
র্যা ব-৫ এর উপ-অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম বলেন, রাজশাহী সিটি নির্বাচন উপলক্ষে আমাদের একটি দল রাতে নবগঙ্গা এলাকায় টহলে যায়। এ সময় কলাবাগানের ভেতর টর্চের আলো দেখে তারা সেদিকে এগিয়ে যায়। তখন সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি র্যা বকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় আত্মরক্ষায় র্যা বও পাল্টা গুলি চালায়। কয়েক মিনিট পর বন্দুকযুদ্ধ থেমে গেলে ঘটনাস্থলে আহতাবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। পরে র্যা ব সদস্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল এবং ৫৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের শ্রীনগরে র্যা বের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সোহরাব হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যা বের দাবি তিনি শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।
রোববার ভোর ৫টার দিকে উপজেলার বাঘরা ইউনিয়নের ছত্রভোগ গ্রামের ইটভাটা এলাকায় এই ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, ৬০০ পিস ইয়াবা ও সাড়ে ১০ হাজার টাকা উদ্ধার করেছে র্যা ব।
র্যা ব-১১ এর ভাগ্যকুল ক্যাম্পের কমান্ডার এএসপি মো.মহিতুল ইসলাম জানান, ছত্রভোগ গ্রামের ইটভাটা এলাকায় শীর্ষ সন্ত্রাসী সোহরাব মাদকের চালান পাচার করছে, গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে ভোরে র্যা বের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় র্যা বের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র্যা বকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র্যা ব সদস্যরাও পাল্টা গুলি চালালে দুপক্ষে বন্দুকযুদ্ধ বেধে যায়।
তিনি বলেন, এক পর্যায়ে সেখানে থাকা মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সোহরাবকে উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে শ্রীনগরের ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোহরাবের নামে হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে বলে জানান তিনি।