নড়াইল, খাগড়াছড়ি, নারায়ণগঞ্জ ও রাজবাড়ীতে বুধবার যুবলীগের নেতাসহ ৪ জনকে হত্যার করা হয়েছে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে নড়াইল সদর উপজেলার সিতারামপুর এলাকায় নড়াইল-যশোর সড়কের পাশ থেকে বাঘাপাড়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলামের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পোমাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি'র সমর্থক মঞ্জুর আলম মঞ্জু নামের একব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
এর আগে মঞ্জু ইউপিডিএফ এর সঙ্গে জড়িত ছিলেন। এদিকে, নারায়ণগঞ্জের ফতুল্লায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এছাড়া, রাজবাড়ী সদর উপজেলায় নিজ বাড়ি থেকে এক গৃহবধুর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।