হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একই পরিবারের ৫ যাত্রীর কাছ থেকে সোমবার সকালে ১ কেজি ১৬২ গ্রাম সোনার বার ও গয়না উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো শহিদুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সোমবার সকালে মাস্কাট থেকে আসা বিএস-৩২২ ফ্লাইটে সোনার চালান আসবে। শুল্ক গোয়েন্দারা নজরদারি বাড়িয়ে দেয়। শুল্ক গোয়েন্দাদের একটি দল বিমান তল্লাশি করেও কোন সোনা পায়নি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে যাত্রীরা চলে যাওয়ার সময় ৫ যাত্রীর আচরণে সন্দেহ হয় গোয়েন্দাদের।
তারা গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক গোয়েন্দারা চ্যালেঞ্জ করেন। কাস্টমস হলে নিয়ে তাদের মালামাল ও দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের শরীরের লুকানো ২টি ১০ তোলা ওজনের সোনার বার, মোটা করে বানানো ৫টি কাঁচা সোনার চেইন, কাঁচা সোনার ৬টি দণ্ড উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার ওজন ১ কেজি ১৬২ গ্রাম। এর মূল্য ৫৮ লাখ ১০ হাজার টাকা।
তিনি আরও জানান, উদ্ধার করা এসব সোনা ঢাকা কাস্টমস হাউজে জমা রাখা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
ছবি: ইন্টারনেট