নাটোরের বড়াইগ্রামে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সিরাজুল ইসলাম (৩৪) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
র্যাব সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম বড়াইগ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ ৫টি মামলা রয়েছে।
তিনি বড়াইগ্রাম উপজেলার বালিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
র্যাব-৫ এর রাজশাহী সিপিবি-২ নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আজমল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১টার দিকে র্যা ব-৫ এর একটি টহল দল বড়াইগ্রাম উপজেলার কাটাশকোল এলাকায় অভিযানে যায়।
র্যাবের দলটি সেখানে পৌঁছে মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু তারা গুলি শুরু করে। আত্মরক্ষার্থে র্যাবও গুলি ছোড়ে। ‘বন্দুকযুদ্ধ’ শেষে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।