যশোর শহরে মাদক ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। এদিকে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর ব্রিক ফিল্ড এলাকায় বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি অপূর্ব হাসান বলেন, শনিবার ভোরের দিকে শহরের শংকরপুর বাবলাতলা এলাকা থেকে পুলিশ তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে।
শহিদুল ইসলাম তপনের বিরুদ্ধে মাদক, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১৩টি মামলা রয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের দল সেখানে পৌঁছেলে তারা পালিয়ে যায়। এ সময় সেখানে পড়ে থাকা গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। তাকে যশোর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে এলাকাবাসী তাকে শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম তপন বলে শনাক্ত করে।
এদিকে, খুন, অপহরণ, ডাকাতিসহ বিভিন্ন মামলার পলাতক আসামি মো. আনোয়ার হোসেন প্রকাশ ওরফে আনোয়ার বলি (৩৮) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
শুক্রবার গভীর রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর ব্রিক ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আনোয়ার কক্সবাজারের মহেশখালী উপজেলার মৃত আবু ছৈয়দের ছেলে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি শেখ মো. আলমগীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃতদেহ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, আনোয়ারের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।