রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। এদিকে, মাদারীপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আলিম মোল্লা ওরফে আলি মোল্লা নামের এক 'ডাকাত' নিহত হয়েছেন।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বলেন, সোমবার ভোরে রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
তিনি আরো বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে র্যাব-২ সদস্যরা বেড়িবাঁধ এলাকায় অভিযানে যায়। এ সময় একদল মাদকবিক্রেতা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে তারাও পাল্টা গুলি ছুঁড়ে। এতে অজ্ঞাতপরিচয় মাদকবিক্রেতার মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে দু'টি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
মাদারীপুর:
এদিকে, মাদারীপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আলিম মোল্লা ওরফে আলি মোল্লা নামের এক 'ডাকাত' নিহত হয়েছেন।
মাদারীপুরে 'বন্দুকযুদ্ধে' আলিম মোল্লা ডাসার থানার জেলার পূর্ব কমলাপুর গ্রামের সামসুল হক মোল্লার ছেলে।
পুলিশের দাবি, তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও চুরি মামলা রয়েছে।
পুলিশ জানায়, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে সোমবার গভীর রাতে সদর উপজেলার শিড়খারা এলাকায় অভিযানে যায় মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ। এই সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ডাকাত দল পালিয়ে যায় এবং ঘটনাস্থলে গুলিবিদ্ধ এক আলিমের মরদেহ পাওয়া যায়।
মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার জানান, আলিমের বিরুদ্ধে মাদারীপুর ও রংপুরসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। সে মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইগান উদ্ধার করেছে।