সাভারের আশুলিয়ার ইয়ারপুর এলাকায় বৃহস্পতিবার শ্রমিক মেহেদী হাসান টিপু হত্যা মামলার প্রধান আসামি পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত ব্যক্তির নাম বাবুল মিয়া (২৭)। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার সোনাতলা থানার টেকনিমুন্সীপাড়ায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, ভোরে পুলিশ খবর পায় যে- বাবুল মিয়া ইয়ারপুরের মুন্নার বাঁশবাগানে অবস্থান করছে। পুলিশ আসামি ধরার জন্য সেখানে অভিযান চালায়। এ সময় বাবুল মিয়া ও তার সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে বাবুল মিয়া গুরুতর আহত হন। পরে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘটনাস্থল থেকে অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
বাবুল মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান আশুলিয়া থানার এ ওসি।