ফেইসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর দায়ে ৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। শুক্রবার ভোরে রাজধানীর শ্যামলী এলাকা থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন: মো. ওয়াহিদুন্নবী (৪৭), আরাফাত তারুন্য তামাদি (৩৭) ও আব্দুল্লাহ জাবিদ (৪৫)।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, আটকরা ফেইসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে গুজব ছড়িয়ে আসছিল। তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন মনগড়া প্রচারণা চালাচ্ছিল। দেশজুড়ে মাদকের বিরুদ্ধে চলা যুদ্ধকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ বলে আখ্যায়িত করছিল।
তিনি আরো বলেন, আটক ৩ জনই পেশায় ব্যবসায়ী— দীর্ঘদিন ধরে তারা বিভিন্নভাবে গুজব ছড়িয়ে ডিজিটাল সিকিউরিটি আইনে অপরাধ করেছে। আটক আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান মুফতি মাহমুদ খান।