কক্সবাজারের টেকনাফে ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন।
কক্সবাজারের টেকনাফে দুই গ্রুপের মধ্যে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মো. শাহাব উদ্দিন (৪২) নামের এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। এদিকে, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোস্তফা কামাল (৩৩) নামে মাদকবিক্রেতা নিহত হয়েছেন।
শনিবার ভোরে এসব ঘটনা ঘটে।
কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, ৭ রাউন্ড কার্তুজ, ৯টি খালি খোসা ও ২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
বন্দুকযুদ্ধে নিহত মো. শাহাব উদ্দিন উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (অপারেশন) রাকিবুল ইসলাম খান বলেন, শনিবার ভোরে হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া পাহাড়ি এলাকায় ইয়াবা কারবারী ও সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় এক ইয়াবাব্যবসায়ীকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাহাব উদ্দিনের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।
এদিকে, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোস্তফা কামাল (৩৩) নামে মাদকবিক্রেতা নিহত হয়েছেন। এ সময় আরও চার মাদক বিক্রেতাকে আটক ও বেশ কিছু ফেনসিডিল এবং ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শনিবার ভোরে উল্লাপাড়ার ঘোষগাঁতী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল পৌর এলাকার কাওয়াক গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
ঘটনাস্থল থেকে আটক চার মাদক বিক্রেতারা হলো: পৌর এলাকার ঘোষগাঁতী মহল্লার সাধন চন্দ্র সাহার ছেলে সজীব কুমার সাহা ওরফে গণেশ (২৪), সঞ্জয় চন্দ্র সাহা (১৯), মৃত আব্দুস ছালামের ছেলে সনি আহমেদ (৩৫) ও বেলকুচি উপজেলার ক্ষিদ্র গোপরেখী গ্রামের সুলতানের ছেলে সেলিম রেজা (২৪)।
উল্লাপাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ বলেন, পৌর এলাকার ঘোষগাঁতী মহল্লায় মাদক বিক্রি হচ্ছে— গোপন এ সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মাদকবিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।
পুলিশের শীর্ষ মাদকবিক্রেতা মোস্তফা কামাল মাটিতে লুটিয়ে পড়লে বাকী বন্দুকধারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে মৃত অবস্থায় মোস্তফা কামালের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আরও চার মাদক বিক্রেতাকে আটক এবং ২১ বোতল ফেনসিডিল ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মোস্তফা কামালের নামে ১১টি ও আটককৃতদের নাম একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।