ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় অর্থ লেনদেনের বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। শনিবার সকালে সাংবাদিকদের এ কথা জানায় সংস্থাটি।
সম্প্রতি এ সংক্রান্ত সংবাদ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করতে কিংবা ঘটনা ধামাচাপা দিতে কোনো অবৈধ লেনদেন হয়েছে কি-না কিংবা কে বা কারা এসব লেনদেনের সঙ্গে জড়িত সেসব খুঁজতে কাজ শুরু করেছৈ সিআইডির অর্গানাইজেশন ক্রাইম ইউনিট।
এদিকে, শুক্রবার দেওয়া জবানবন্দিতে মামলার আরেক আসামি অধ্যক্ষের ভাগ্নি উম্মে সুলতানা পপি জানিয়েছে, হত্যার আগে তাকে ছাদে ডেকে নিয়ে গিয়েছিলো সে।
বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পাঁচঘন্টা ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফ উদ্দিন আহম্মেদের আদালতে জবানবন্দি দেয় পপি।
এদিকে, নারীর প্রতি সহিংসতা রোধ ও নুসরাত জাহান রাফির হত্যাকারীদের বিচারের দাবীতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কর্মসূচিগুরোতে অংশ নেওয়া সর্বস্তরের মানুষ।
নারীর প্রতি সহিংসতা রোধ ও নুসরাত জাহান রাফির হত্যাকারীদের বিচারের দাবীতে শনিবার রাজধানীতে মানববন্ধন করেছে বাংলাদেশ পূজা উযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
বিকেলে শাহাবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত কর্মসূচি থেকে বক্তারা অভিযোগ করেন, নারীর প্রতি একের পর এক ধর্ষণ ও যৌন সহিংসতা ঘটলেও সরকার অপরাধীদের বিচার নিশ্চিত করতে পারছে না।
আর নুসরাত হত্যার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত বিচারের দাবিতে ফেনীতে মানববন্ধন হয়েছে। সকালে স্থানীয় সংগঠন জিএ একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়। শিক্ষক, সাংবাদিক রাজনীতিবিদসহ সর্ব স্তরের মানুষ এতে অংশ নেন। পরে হয় প্রতিবাদ সমাবেশ।
নুসরাতের হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে মানববন্ধন হয়েছে খাগড়াছড়িতেও। সম্মিলিত নারী ও শিশু অধিকার মঞ্চের ব্যানারে সকালে সদরের শাপলা চত্বরে এ মানববন্ধন হয়।
কর্মসূচিতে সুশীল সমাজের প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এতে। এ সময় তারা দেশের সব নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা নুসরাত হত্যাকাণ্ডসহ প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান।