বাংলা নববর্ষেকে ঘিরে রমনা বটমূলে জঙ্গি হামলার তথ্য মিলেছে বলে ইঙ্গিত দিলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এজন্য রমনায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
সকালে রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার এই তথ্য জানান।
বাংলা নববর্ষ বরণ উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। দেশে জঙ্গি তৎপরতা বেড়েছে এমন তথ্য পাওয়ার পর রমনার অনুষ্ঠান ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।
বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কারণ জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘২০০১ সালকে মাথায় রেখে বাড়তি নিরাপত্তা নেওয়া হচ্ছে। রিসেন্টলি কিছু বন্ধু রাষ্ট্র জঙ্গিদের ব্যাপারে গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছে। উপমহাদেশে ভারত, পাকিস্তান ও বাংলাদেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিছু রেডিক্যালাইজড সংগঠনের তৎপরতা লক্ষ্য করছি। সেকারণেই আমাদের বাড়তি নিরাপত্তা।’