কলকাতায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিক পি কে হালদারকে এবার ২১ জুন পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন কলকাতার আদালত।
মঙ্গলবার (৭ জুন) দুপুরে পি কে হালদারকে আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পশ্চিমবঙ্গে সন্ধান পাওয়া তার সব সম্পত্তি জব্দের আবেদন করা হয়েছে এদিন।
প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ায় তার বেশ কয়েকটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে।
পি কে এতদিন ব্যাঙ্কশাল স্ট্রিটের নগর দায়রা আদালতের আদেশে জুডিশিয়াল কাস্টডিতে ছিলেন।
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ছাড়াও বিভিন্ন অঞ্চলে পি কে হালদারসহ তার সহযোগীরা বেআইনি ব্যবসা চালু করে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ১৪ মে পি কে হালদারসহ আসামিদের গ্রেফতার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
পরে তাদের আদালতে তোলা হলে প্রথমে ৩ দিনের ও পরে আরও ১০ দিনের হেফাজতে নেয় ইডি। গ্রেফতার ছয়জনের কাছ থেকে প্রায় দেড়শ কোটি টাকাসহ বিভিন্ন দেশের পাসপোর্ট ও মোবাইল উদ্ধার করা হয়।