ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন এলাকায় পি কে হালদারসহ তাঁর সহযোগীদের ৩০০ কোটির সম্পদ ও মালয়েশিয়ায় ৭ ফ্ল্যাট পেয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ৮৮টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধানও পাওয়া যায়। আজ মঙ্গলবার (৭ জুন) কলকাতার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বিশেষ আদালতে তোলা হয় পি কে হালদারকে। তখনই আদালতকে এসব কথা জানায় ইডি।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পশ্চিমবঙ্গে সন্ধান পাওয়া তার সব সম্পত্তি জব্দের আবেদন করা হয়েছে এদিন।
প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ায় তার বেশ কয়েকটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে।
পি কে এতদিন ব্যাঙ্কশাল স্ট্রিটের নগর দায়রা আদালতের আদেশে জুডিশিয়াল কাস্টডিতে ছিলেন।
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ছাড়াও বিভিন্ন অঞ্চলে পি কে হালদারসহ তার সহযোগীরা বেআইনি ব্যবসা চালু করে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ১৪ মে পি কে হালদারসহ আসামিদের গ্রেফতার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
পরে তাদের আদালতে তোলা হলে প্রথমে ৩ দিনের ও পরে আরও ১০ দিনের হেফাজতে নেয় ইডি। গ্রেফতার ছয়জনের কাছ থেকে প্রায় দেড়শ কোটি টাকাসহ বিভিন্ন দেশের পাসপোর্ট ও মোবাইল উদ্ধার করা হয়।