পহেলা বৈশাখকে সামনে রেখে রাজধানীর বাজারে প্রচুর ইলিশ মাছ উঠলেও দাম বেশ চড়া। দাম বেড়েছে আদা, রসুন, গুড়ো দুধসহ বেশ কয়েকটি পণ্যের। সবজি ও ডিমের দাম কিছুটা কম। তবে মুরগির দাম গত সপ্তাহের তুলনায় বেশি। আর মিনিকেট চাল ছাড়া অন্যান্য চালের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে।
শীত শেষে গরম শুরু হলেও মৌসুমী সব সবজিই পাওয়া যাচ্ছে বাজারে। নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকার পরও এ সপ্তাহেও বেশিরভাগ জিনিসের দামই বাড়তির দিকে। পহেলা বৈশাখকে সামনে রেখে বাজারে প্রচুর ইলিশ উঠেছে। তবে দাম বেশ চড়া।
বেড়েছে আদার দামও। কেজিতে ৪০ টাকা বেড়ে আদা বিক্রি হচ্ছে ১৮০ টাকা করে। রসুনের দামও গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে। তবে আবারো বেড়েছে গুড়ো দুধের দাম। কারণ হিসেবে বাজার তদারকির অভাবকেই দায়ী করলেন ক্রেতারা।
আর খুচরা বিক্রেতারা দায় চাপালেন পাইকারী বিক্রেতাদের ওপর। চাল-ডাল, তেলসহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে।