জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৪৩৫ কোটি টাকা ব্যয়ে চার প্রকল্পের চূড়ান্ত অনুমোদন করা হয়। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলো হলো–ট্রান্সমিশন ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট থ্রো রিয়্যাকটিভ পাওয়ার কমপেনসেশন অ্যান্ড রি-ইনফোর্সমেন্ট অব গোয়ালপাড়া সাব-স্টেশন (সংশোধিত) প্রকল্প, মানিকখালী সেতু নির্মাণসহ আশাশুনি- পাইকগাছা সড়ক উন্নয়ন (সংশোধিত), উত্তরাঞ্চলের দরিদ্র্যদের কর্মসংস্থান নিশ্চিতকরণ কর্মসূচি (দ্বিতীয় পর্যায়) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, একনেকে চারটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প চারটির মোট ব্যয় ধরা হয়েছে ৪৩৫ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩১৭ কোটি, অন্যান্য সংস্থা থেকে ১৮ কোটি ও প্রকল্প সাহায্য থেকে ১০০ কোটি টাকা মেটানো হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী চরাঞ্চলে মিষ্টিকুমড়া ও বাদাম চাষের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া খুব শিগগির অর্থনৈতিক কর্মকাণ্ডে সংশ্লিষ্টদের নিয়ে অর্থনৈতিক মেলা অনুষ্ঠিত হবে।