মার্চের তুলনায় এপ্রিলে মাসে পণ্যদ্রব্য ও সেবার মূল্য বৃদ্ধির হার সামান্য কমেছে বলে জানিয়েছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক গোলাম মোস্তাফা কামাল। বুধবার বিবিএসের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
বিবিএসের হিসেবে মার্চে যে জিনিসের দাম বেড়েছিল গড়ে ৭ টাকা ৪৮ পয়সা এপ্রিলে সেই একই জিনিসের দাম বেড়েছে ৭ টাকা ৪৬ পয়সা। অর্থাৎ চলতি বছরের এপ্রিলে দেশে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৭.৪৬% বলে জানান গোলাম মোস্তাফা।
সারাবছরের ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সব ধরনের খাদ্য পণ্যের বাজার ছিল উর্ধ্বমুখী। বিশেষ করে এসময়ে চালের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। আমিষ-নিরামিষের দামেও ছিল ব্যাপক অস্থিরতা।
বিবিএসের হিসেবে আগের বছরের একই সময়ের তুলনায় এ বছর এপ্রিলে এসব খাদ্য পণ্যের দাম বেড়েছে গড়ে ৮.৯৫%। এর পাশাপাশি পরিধেয় বস্ত্র, বাড়ি ভাড়া, পরিবহন, শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য পণ্যে সেবার মূল্য ৫.২৩% বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।
খাদ্যের তুলনায় খাদ্য বহির্ভূত খাতে জিনিসপত্রের দাম তুলনামুলকভাবে কম বেড়েছে। এতে সার্বিক মূল্যস্ফীতির গতিও কমে এসেছে। দেশের রাজনৈতিক পরিস্থিতিতে স্থিতি আসায় পণ্য পরিবহন ও উৎপাদন ব্যবস্থা স্বাভাবিক হয়েছে যার কারণে মূল্যস্থিতির গতিও ক্রমান্নয়ে কমে আসছে বলে দাবি বিবিএসের মহাপরিচালকের।
গোলাম মোস্তোফা কামাল বলেন, ‘চাহিদা এবং পণ্য সরবরাহের মধ্যে বর্তমানে মাঠপর্যায়ে সামঞ্জস্যতা আছে এবং সরকার মূল্যকে নিয়ন্ত্রণের ভেতর রাখতে সামর্থ্য হয়েছে।’
সরকার ২০১৩-১৪ অর্থবছরে মূল্যস্ফীতি ৭% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। সামনের ৩ মাসে পরিবহন ও উৎপাদন ব্যবস্থা স্বাভাবিক থাকলেও এ লক্ষ্য অর্জন সম্ভব হতে পারে বলে মনে করছেন এ কর্মকর্তা।