চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমলেও বাড়বে কৃষি খাতে প্রবৃদ্ধি। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতো আন্তর্জাতিক ঋণদানকারী সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী এ বছর কৃষিতে ৩% প্রবৃদ্ধি হবে।
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ও কৃষিতে প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখার প্রতি সরকারের নজর দেয়া উচিৎ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রতি বছর দেশে ১% হারে কৃষি জমি কমে যাওয়া পরেও ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত কৃষিতে ধারাবাহিকভাবে ৫% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তবে হঠাৎ করেই পরের বছর ও প্রবৃদ্ধি কমে ৩.১১% নেমে আসে। এরই ধারাবাহিকতায় ২০১২-১৩ অর্থবছরে ও এ প্রবৃদ্ধি আরও কমে নেমে আসে ২.১৭%।
চলতি বছরে সেবা ও শিল্প খাতের প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কা থাকলেও আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো পুর্বাভাসগুলো আশার আলো দেখাচ্ছে কৃষিতে।
এডিবির সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশে অনুকুল আবহাওয়ার কারণে ফলন ভাল হওয়ায় চলতি বছর কৃষিতে প্রবৃদ্ধি হবে ৩%। সামনের বছর প্রবৃদ্ধি আরও বেড়ে সাড়ে ৩% দাঁড়াবে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রবৃদ্ধির ধারাবাহিকতা নিশ্চিত করতে কৃষি নিয়ে বাজেটে সুনির্দিষ্ট নির্দেশনা থাকতে হবে।
দাতা সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, কৃষিতে প্রবৃদ্ধি বাড়লেও, রাজনৈতিক অস্থিরতার কারণে, শিল্প ও সেবা খাতের প্রবৃদ্ধি কমবে। যে কারণে দেশে জিডিপির প্রবৃদ্ধিও এবার ৬% নিচেই থাকছে বলেই তারা মনে করছেন।