আগামী বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসুচিতে (এডিপি) বরাদ্দ থাকছে ৭৯ হাজার কোটি টাকা— উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, মানবসম্পদ উন্নয়নকে প্রাধান্য দিয়ে এলাকা ভিত্তিক বরাদ্দও থাকছে এবারের বাজেটে। বৃহস্পতিবার রাজধানীতে সরকারি হিসাব, অর্থ, সরকারি প্রতিষ্ঠান ও পরিকল্পনা সংক্রান্ত কমিটির জনপ্রতিনিধিদের সঙ্গে বাজেট নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় উত্তরাঞ্চলের কৃষিকে বাঁচাতে, পদ্মা নদী খনন ও পানি সংরক্ষণের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের আহ্বান জানান সভায় আগত জনপ্রতিনিধিরা।
২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রনয়ন এবং কমিটির নিজ নিজ এলকার সমস্যার কথাই এ সভায় আলোচনা করা হয়। সভায় শিল্পকে সুরক্ষা প্রদান, খাদ্য নিরাপত্তায় ভর্তুকি বাড়ানো, পদ্মা সেতুকে এবারের বাজেটে দৃশ্যমান করাসহ বেশ কিছু প্রস্তাব উপস্থাপন করা হয়।
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কর্ণফুলি নদীর তলদেশে ট্যানেল নির্মান ও প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের প্রতিশ্রুতি অনুযায়ী রংপুরে গ্যাস সরবরাহের কথা মনে করিয়ে দিয়ে বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি করেন জনপ্রতিনিধিরা। এ বিষয়ে অর্থমন্ত্রী নাকচ করে দিয়ে বলেন, বাজেটে এ বরাদ্দ থাকছে না।
তিনি বলেন, তার সময়ের অন্যান্য বারের মতো এবারের বাজেটও উচ্চাভিলাসী। তবে সরকারের এ ধরনের বাজেট বাস্তবায়নের সক্ষমতা বিগত বছরগুলোতেই প্রমানিত হয়েছে।
মন্ত্রী আরো বলেন, আসছে বাজেটে কাবিখা প্রকল্প আর থাকবে না। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্তি বন্ধ না করলেও এটাকে ঢেলে সাজানোর হবে।