দেশে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও গত তিন বছরের মধ্যে দেশে সর্বোচ্চ এডিবির বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আহম মোস্তফা কামাল। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, চলতি বছরে দেশে মোট দেশজ উৎপাদন-জিডিপির প্রবৃদ্ধি হয়েছে ৬.১২%। সেই সঙ্গে মাথা পিছু আয়ও বেড়ে দাঁড়িয়েছে ১১৮০ ডলারে।
একনেকের বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রীর সামনে তিনটি ভাল খবর উপস্থাপন করেন পরিকল্পনামন্ত্রী। রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও দেশের জিডিপির প্রবৃদ্ধি ৬.১২%, মাথাপিছু আয় এক হাজার ৪৪ ডলার থেকে বেড়ে এক হাজার ১৮০ ডলার ও গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ এডিপির বাস্তবায়ন।
দেশের প্রকৃত অর্থনৈতিক চিত্র উপর ভিত্তি করেই পরিসংখ্যান ব্যুরো এ হিসেব করেছে বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানান মন্ত্রী।
জিডিপির প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংক, আইএমএফের মতো আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো পূর্বাভাস প্রত্যাখ্যান করেন মন্ত্রী।
তিনি বলেন, রাজনৈতিক অনেক প্রতিবন্ধকতা থাকার পরও চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে এডিপির বাস্তবায়ন হয়েছে ৫৬%। একই সময়ে গত দুই বছরে যা ছিল যথাক্রমে ৫৪ ও ৫৫%।
এছাড়াও ৬ হাজার ৩৮৬ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্পেরও অনুমোদন দেয়া হয় একনেকের এ বৈঠকে।