রোজা যতই এগিয়ে আসছে ততোই বাড়ছে মসলার দাম। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার গিয়ে মসলার দামের পার্থক্য দেখা গেছে।
দুই সপ্তাহের ব্যবধানে ধনিয়া কেজি প্রতি বেড়েছে দেড়শো টাকা। এলাচ, দারুচিনি বেড়েছে কেজিতে ৫০ থেকে একশো টাকা পর্যন্ত।
এ অবস্থায় রোজায় মুনাফা কম করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান ভোক্তাদের। সেইসঙ্গে দাম নিয়ন্ত্রণে বাজারে নজরদারি বাড়ানোর কথাও বলেন তারা।
ছুটির দিনে সাপ্তাহিক বাজার সেরে নিতে বৃষ্টি উপেক্ষা করেই বাজারে ক্রেতাদের ভিড় দেখা গেছে। কিন্তু বাজারে গিয়ে ক্রেতারা দেখেন রোজাকে সামনে রেখে প্রতি সপ্তাহেই নিত্যপণ্যের দাম বাড়ছে তখন কষ্টটা আরও একটু বাড়ে। কিন্তু করারও কিছু নেই। তবুও ক্রেতাদের প্রত্যাশা রোজায় অন্তত ব্যবসায়ীরা একটু কম মুনাফা করবেন। আর সরকারও এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে।
নিত্যপণ্যের দাম বাড়ানো হয়েছে— এর দায় নিতে রাজি নন খুচরা ব্যবসায়ীরা। তারা দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীদের সিন্ডিকেটকে।
সিন্ডিকেটের কারণে বিশ্ববাজারে স্থিতিশীল থাকা সত্ত্বেও মসলার দাম বাড়ছেই। এ সিন্ডিকেট ভেঙে দিতে পারলে ভোক্তারা নায্যমূল্যে পণ্য পাবেন বলে খুচরা ব্যবসায়ীদের দাবি।