সঞ্চয়পত্রের করমুক্ত সীমা ৩০ লাখ থেকে ৬০ লাখ করার প্রস্তাব করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
মঙ্গলবার সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় মন্ত্রী সঞ্চয়পত্রের ক্ষেত্রে অগ্রীম আয়কর ১০%কে চূড়ান্ত নিষ্পত্তি হিসাবে বিবেচনা করারও প্রস্তাব দেন।
তিনি বলেন, আমরা হয়তো যে পরিমান বিনিয়োগ আনার কথা ছিলো, তা আনতে পারিনি। এজন্য সরকার যতো না দায়ী, তার চেয়ে বেশি দায়ী বিরোধীদল বিএনপি।
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি-জামাত জোটের সহিংস আন্দোলনের কথা উল্লেখ করে কৃষি মন্ত্রী বলেন, যে বিভৎস পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিলো- তা সকলের জানা। তারা অবকাঠামো এবং শিল্পের ব্যাপক ক্ষতিসাধন করেছিলো। তারা জাতীয় পর্যায়ে ৪৫ দিন হরতাল করেছে। আর আঞ্চলিক পর্যায়ের তো সীমা ছিলো না।
কৃষির পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নের উপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী।
মতিয়া চৌধুরী বলেন, উন্নয়নের জন্য চাই শান্তি ও বিনিয়োগ। এরজন্য চাই জঙ্গিবাদ নির্মূল এবং প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক। বিএনপির সমালোচনা করে মতিয়া আরো বলেন, বিএনপি একটা কাজই পারে- হাওয়া ভবন তৈরি ও মানি লন্ডারিং।
সকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপনের পর ২০১৪-১৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়।