বাজেটে নতুন করে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়নি—আয়কর আইন অনুযায়ী সব করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। না বুঝেই সমালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
মঙ্গলবার শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অফিসে সফররত আইএমএফের ডিএমডি নাওকাই শিনোহারার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, কালো টাকা নিয়ে মিডিয়ায় আপনারা সবাই ভুল রিপোর্ট লিখেছেন। এ বাজেটে অতিরিক্ত কোনো সুবিধা দেয়া হয়নি।
কালো টাকা সাদা করার সুযোগ দেয়ার বিপক্ষে বরাবর মতো দিয়ে এলেও এবারো আবাসন খাতে বিনিয়োগের শর্তে এ সুযোগ রাখার ঘোষণা দেন অর্থমন্ত্রী।
বাজেটের সমাপনী বক্তৃতায় তিনি বলেছিলেন, আবাসন খাতে প্রতি বর্গমিটারে নির্দিষ্ট পরিমাণ কর প্রদান করলে বিনা প্রশ্নে বিনিয়োগ মেনে নেয়ার বিধানটি কর প্রদান পদ্ধতিতে সরলীকরণমাত্র।