যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের অবাধ বাজারসুবিধা (জিএসপি) ফিরে পেতে দেশটির বেঁধে দেয়া কর্ম পরিকল্পনার শর্ত পূরণে গুরুত্বপূর্ণ কিছু অগ্রগতি হলেও উল্লেখযোগ্য শর্তগুলো বাস্তবায়ন করতে পারেনি বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের (ইউএসটিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জিএসপি ফিরে পাওয়ার শর্ত পূরণের ক্ষেত্রে বাংলাদেশর গুরুত্বপূর্ণ কিছু অগ্রগতি হয়েছে। তবে শ্রমিকদের অধিকার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে অবশ্যই আরো কাজ করতে হবে।
শ্রমিক অধিকার ও কর্মক্ষেত্রে নিরাপত্তার নাজুক পরিস্থিতির কারণে ২০০৩ সালের জুনে বারাক ওবামা প্রশাসন সেদেশে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা সাময়িকভাবে স্থগিত করে। জিএসপি ফিরে পেতে বাংলাদেশ সরকারকে একটি কর্ম পরিকল্পনা দেয় ওবামা প্রশাসন। এর শর্তগুলো পূরণের ওপর বাংলাদেশের জিএসপি সুবিধা ফিরে পাওয়া নির্ভর করছে।
মার্কিন জিএসপি উপকমিটি ২০১৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের অগ্রগতির পরবর্তী পর্যবেক্ষণ করবে।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজায় ধসের পর বাংলাদেশের গার্মেন্টসে কাজের পরিবেশ অনুকূল নয় অভিযোগ উত্থাপন করে জিএসপি বাতিল করে মার্কিন যুক্তরাষ্ট্র।